সীমান্তে নারী-শিশুসহ ২৫ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ২৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মহেশপুর উপজেলার পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় বিজিবি সদস্যরা পলিয়ানপুর গ্রামের আব্দুর রহিমের ভুট্টাক্ষেতে সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করেন। পরে সেখানে অভিযান চালিয়ে ১১ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশুসহ মোট ২৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা দেশের নড়াইল, খুলনা, ঢাকা, মাগুরা ও যশোর জেলার বাসিন্দা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। বিজিবি আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

Leave a Comment

Scroll to Top