অপহৃত ৫ শিক্ষার্থী আট দিন পর উদ্ধার

খাগড়াছড়ি থেকে অপহরণের আট দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল।

বিকাল ৩টার দিকে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি নিপন ত্রিপুরাও শিক্ষার্থীদের মুক্তির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। একই সাথে পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য ও প্রচার সম্পাদক রিবেক চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, অপহৃতদের ধাপে ধাপে মুক্তি দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রিশন চাকমা এবং তার চার বন্ধু – চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরাকে মুক্তি দেওয়া হয়েছে।

১৬ এপ্রিল সকাল সাড়ে ৬টায় বর্ষবরণের বিঝু উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে খাগড়াছড়ির সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে এই পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাদের সঙ্গে থাকা গাড়িচালককেও তুলে নিলেও পরে তাকে ছেড়ে দেয়।

এই অপহরণের জন্য পিসিপির সন্তু লালমার অনুসারীরা ইউপিডিএফকে দায়ী করলেও, প্রসীত খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফ অংশ এ অভিযোগ অস্বীকার করে আসছিল।

অপহৃতদের মুক্তির দাবিতে পার্বত্য চট্টগ্রামসহ তিন জেলায় ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এবং অন্যান্য প্রগতিশীল সংগঠনগুলোও এই আন্দোলনে যুক্ত ছিলেন।

পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বিবৃতিতে বলা হয়, অপহরণকারীরা ব্যাপক জনরোষের মুখে পড়ে ধাপে ধাপে অপহৃতদের মুক্তি দিতে বাধ্য হয়। এতে যারা সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

তথ্যসূত্র: সমকাল

Leave a Reply