শুনানি শেষে আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের আলোচিত মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান গণমাধ্যমকে জানান, মিনারুল হত্যা মামলায় ডা. আইভীকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৬ মে।

এর আগে শুক্রবার ভোর ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার পারিবারিক বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারের পর তিনি পুলিশের কাছে অনুরোধ করেন দিনের আলো ফোটার পর থানায় যেতে। তার অনুরোধে সাড়া দিয়ে সকাল সাড়ে ৫টার দিকে পুলিশের গাড়িতে করে তিনি থানার উদ্দেশ্যে রওয়ানা হন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল ‘চুনকা কুটির’-এ প্রবেশ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও তার সমর্থকরা রাস্তায় নেমে আসেন।

রাতেই আইভীর সমর্থক ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তার বাড়ির দিকে যাওয়ার চারটি রাস্তা বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি দিয়ে অবরোধ করে রাখেন। আশপাশের এলাকার মসজিদে মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির দিকে যেতে আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ শহরের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনবার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Comment

Scroll to Top