অ্যানফিল্ডে লিভারপুলের শিরোপা উৎসব

অ্যানফিল্ডে শিরোপা উৎসবের জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েই হাজির হয়েছিলেন লিভারপুলের খেলোয়াড় ও সমর্থকরা। আর্নে স্লটের দলের শিরোপা নিশ্চিত করতে প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। তবে ম্যাচের শুরুতেই টটেনহ্যাম হটস্পারের গোলে স্তব্ধ হয়ে যায় স্টেডিয়াম।

মাত্র ১২ মিনিটে ডমিনিক সোলাঙ্কের হেডে এগিয়ে যায় টটেনহ্যাম। তবে দ্রুতই নিজেদের ছন্দ খুঁজে পায় অলরেডরা। ম্যাচের ১৬ মিনিটে লুইস দিয়াজ গোল করে সমতা ফেরান। এরপর ২৪ মিনিটে অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার ও ৩৪ মিনিটে কোডি গ্যাকপো গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে নেয় লিভারপুল। পুরো অ্যানফিল্ড পরিণত হয় উৎসবের মঞ্চে।

বিরতির পরও থামেনি লিভারপুলের গোল উৎসব। ৬৩ মিনিটে সোবোসলাইয়ের পাস থেকে মোহাম্মদ সালাহ গোল করেন। চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে এটি ছিল মিশরীয় তারকার ২৮তম গোল। এই গোলের মাধ্যমে সালাহ প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে আসেন, তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৮৫।

৬৯ মিনিটে টটেনহ্যামের উডোগির আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ায় লিভারপুল। শেষ পর্যন্ত ৫-১ গোলের বিশাল জয় পায় অলরেডরা।

এই জয়ে ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের সংগ্রহ ৬৭ পয়েন্ট হওয়ায় চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে তারা।

শিরোপা নিশ্চিতের পর অ্যানফিল্ড রঙিন হয়ে ওঠে। গায়ে ছিল ‘চ্যাম্পিয়নস ২০২৪-২৫’ লেখা বিশেষ জার্সি। মোহাম্মদ সালাহ ও ভার্জিল ফন ডাইকসহ পুরো দল শিরোপা উদযাপনে মেতে ওঠেন।

বিশেষ কৃতিত্বের দাবিদার নতুন কোচ আর্নে স্লট। প্রথম মৌসুমেই লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিয়েছেন তিনি। এর আগে হোসে মরিনহো, কার্লো আনচেলত্তি, ম্যানুয়েল পেল্লেগ্রিনি ও আন্তোনিও কোন্তে প্রথম মৌসুমেই লিগ জেতার কীর্তি গড়েছিলেন।

শিরোপা নিশ্চিতের পর এক প্রতিক্রিয়ায় স্লট বলেন, “কিছু জেতা সবসময় বিশেষ। আর সেটা আরও বিশেষ হয়ে ওঠে, যদি আপনি প্রথম হন। আরও বিশেষ হওয়ার কারণ হলো, এমন একটি ক্লাবে এই সাফল্য পাওয়া, যারা প্রত্যেক বছর লিগ জেতা হয়ে ওঠে না।”

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Comment

Scroll to Top